শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে নীর বানু (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলে ফারুক মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।
শুক্রবার সকালে নালিতাবাড়ী পৌর শহরের নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোর রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয়রা জানায়, নীর বানুর দুই ছেলে। স্বামী ১০ বছর আগে মারা গেছেন। এরপর থেকে ভিক্ষা করে তিনি সংসার চালাতেন। তার এক ছেলে মনির, অন্যজন ফারুক মিয়া। মনির ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ফারুককে নিয়ে বাড়িতেই থাকতেন নীর বানু। ফারুক তার মাকে মাঝে মধ্যেই মারধর করতেন।
এ প্রসঙ্গে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, অভিযুক্ত ছেলে ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



