বরগুনার তালতলীতে মো: সজিব নামে হেফজ পড়ুয়া এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থী তালতলীর হেলেঞ্চাবাড়িয়া এলাকার মিজানুর রহমানের ছেলে। সে উপজেলার বগীরহাট এলাকার মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
নিখোঁজ ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে সজিব বগীরহাট এলাকার মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদরাসায় আবাসিকে থেকে হেফজ পড়ছিল। গত ২৯ মে দুপুরে খাবার খেয়ে বের হয়ে আর মাদরাসায় ফেরেনি। পরে মাদরাসার শিক্ষক বিষয়টি পরিবারের কাছে জানালে তারা আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেয়। কিন্তু সজিবকে কোথাও পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ধারণা ছিল হয়তো লেখাপড়ার চাপে কোথাও বেড়াতে গেছে। কিন্তু চার দিনেও সজিব ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।
নিখোঁজ মাদরাসাশিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বলেন, আমরা ওর সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করিনি। আামদের সব আত্মীয়ের বাড়িতে খুঁজেছি। কোথাও ওর খোঁজ পাইনি। থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি সাখওয়াত হোসেন তপু বলেন, মাদরাসাশিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের বাবা। বিষয়টি তদন্তাধীন রয়েছে।



