রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় অমিত কুমার ভোলা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে পাংশার সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অমিত রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের নরেন হালদারের ছেলে। তিনি চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অমিত মোটরসাইকেলযোগে পাংশায় যাওয়ার পথে পাংশা সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, অমিত বুকে, পায়ে ও মাথায় মারাত্মকভাবে আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লিয়াকত হোসেন জানান, আহত অমিত চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে। তবে মাইক্রোবাসচালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



