জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে। এ অঞ্চলের কৃষকের ফসল নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। সহজেই ঢাকার বাজারে বিক্রি করতে পারবেন। পদ্মার পাড়ে কলকারখানা নির্মাণসহ বাণিজ্যিকভাবে ব্যাপক উন্নতি হবে। ফলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তাই দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের অর্থনীতিই পাল্টে যাবে। তাই এ সেতু আমাদের স্বপ্নের সেতু, এ সেতু আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরের হোগলার মাঠ এসকেপি উচ্চবিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন শেষে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।



