বাগেরহাটের চিতলমারী উপজেলায় আফরোজা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৩ জুন) রাতে হিজলা নতুনচর এলাকায় স্বামীর বাড়ির ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আফরোজার মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিহত আফরোজা উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের মেয়ে ও হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের স্ত্রী।
এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মামলা করেছেন। আফরোজার বাবা মোস্তফা শেখ সাংবাদিকদের বলেন, ‘প্রায় এক বছর আগে উপজেলার হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের সাথে আমার ছোট মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমিনুর শেখ কয়েক লাখ টাকা যৌতুক নেয়। আমার মেয়ে অনার্স পড়ত এবং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। শুক্রবার রাতে শ^শুরবাড়ি থেকে পুলিশ গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওরা এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি।’
ঘটনার পর থেকে আফরোজার স্বামী আমিনুর শেখ ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায় নাই।
চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামন খান জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মেয়ের বাবা মোস্তফা শেখের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার ধারায় (৪ নং) একটি মামলা দায়ের করা হয়েছে।