জামালপুরের দেওয়ানগঞ্জে রুবেল হোসেন (১৬) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, রুবেল গত ২ জুন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়। পরে ৪ জুন দিবাগত রাত ৯টার দিকে পাশের উপজেলা বকশীগঞ্জের মাছাইনার চর গ্রামে নদীতে ভাসমান অবস্থায় একটি গলিত লাশ অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
জানাজানি হলে স্বজনরা রুবেলের লাশ শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ ব্যাপারে রোববার দেওয়ানগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল নয়া দিগন্তকে জানান, দেওয়ানগঞ্জের রুবেল নিখোঁজ হবার পর থানায় জিডি হয়েছিল। শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে রিপোর্টের পরেই তা জানা যাবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ডিউটি অফিসারের সাথে ফোনে কথা বললে তিনি জানান, রুবেলের বাড়ি দেওয়ানগঞ্জ। লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ, ময়নাতদন্তেও পাঠিয়েছে তারা। সেহেতু বকশীগঞ্জ থানাতেই এ ব্যাপারে মামলা দায়ের হবে।



