দিনাজপুরের চিরিরবন্দরে শান্তিবালা (৬২) নামের স্তনক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধা বুকের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ জুন) দুপুর ২টায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
শান্তিবালা উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর গ্রামের মানিকশাহপাড়ার মৃত অতুলচন্দ্র রায়ের স্ত্রী।
জানা যায়, শান্তিবালা দীর্ঘদিন থেকে স্তনক্যান্সার রোগে বুকের ব্যথায় ভুগছিলেন। বুকের ব্যথা সহ্য করতে না পেরে নিজ ঘরের কোটার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার নাতনী বৃষ্টিরানী রায় শান্তিবালার ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে লাশ উদ্ধার করেন।
ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্তনক্যান্সার রোগে ভুগছিলেন তিনি, ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারেন।



