কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মইদাম সীমান্তের শূন্য রেখা থেকে আটক বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। পরে বিজিবি আটক বাংলাদেশী কামাল শেখকে ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে রোববার পাসপোর্ট আইনে আদালতে প্রেরণ করে পুলিশ।
গত শনিবার বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের শূন্য রেখায় অবস্থিত বাংলাদেশী এক বাড়ি থেকে ধান কিনে ফেরার পথে কামাল শেখ (৪০) নামে এক বাংলাদেশীকে ভারতের দিঘলটারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আটক করে। আটক কামাল শেখ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি ময়দান বিওপি ক্যাম্পের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, গত শনিবার বিকেলে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৭ এর ৭ সাব পিলারের শূন্য রেখা থেকে ভারতের পশ্চিমবঙ্গ কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের সদস্যরা কামাল হোসেন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে যায়। পরে বিএসএফের হেফাজতে থাকা বাংলাদেশীকে ফেরত আনার জন্য বিজিবির তরফ থেকে বিএসএফকে বার্তা পাঠানো হয়। শনিবার রাতেই বিজিবি-বিএসএফ পর্যায়ে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৮ এস ও ৭৮/১২ এর স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে আটক কামাল শেখকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১২টার দিকে বিজিবি কামাল হোসেনকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।