চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত শিফট ইনচার্জ শাহাদাত মজুমদারের দাফন সম্পন্ন হয়েছে রোববার রাতে।
তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে ছিল তার লাশ, রোববারই তার পরিচয় শনাক্ত করেন স্বজনেরা। এরপর লাশ বাড়িতে এনে রাত সোয়া ১২ দিকে জানাজা হয়। উত্তর আনন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, শনিবার রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে কোয়ার্টারে বিশ্রাম নিচ্ছিলেন শাহাদাত। সহকর্মীদের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় বাড়িতে ফোন করে ডিপোতে আগুন লাগার খবর বাবাকে জানান তিনি। ছেলের ভিডিও কলে আগুনের ভয়াবহতাও দেখেন তার বাবা। একপর্যায়ে বিস্ফোরণে মারা যান শাহাদাত।
স্থানীয়রা জানায়, দুই ভাই এক বোনের সংসারে শাহাদাত মেজ। পড়াশোনা শেষে সংসারের হাল ধরতে প্রবাসে চলে যান তিনি। তিন বছর পর দেশে ফিরে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শিফট ইনচার্জ হিসেবে চাকরি নেন। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন শাহাদাতের পরিবার। শাহাদাত তিন বছর আগে একই এলাকায় বিয়ে করেন। তার আড়াই মাসের একটি কন্যা সন্তান রয়েছে।



