পায়রা নদীতে পণ্যবাহী মাল নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার পায়রা নদীর শশাতলা ও চাড়াভাঙা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকরা হলেন বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার কমল সমাদ্দার (৩৮) ও ছোট লবনগোলা এলাকার আবদুল খালেক (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান হুমায়ুন কবির।

তিনি বলেন, রোববার খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে আসি। ২০-২২ ঘণ্টা অভিযান চালিয়ে পায়রা নদীর চাড়াভাঙা এলাকা থেকে আবদুল খালেক ও কমল সমাদ্দারের লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার বরগুনা সদর থেকে ভোজ্যতেল, শস্য ও নিত্য প্রয়োজনীয় কোটি টাকার পণ্য নিয়ে এফবি মায়ের দোয়া নামে ট্রলারটি তালতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর রাত ১১টার দিকে বরগুনার পায়রা নদীর চাড়াভাঙা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি ডুবে যায়।