চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো পার্বত্য জেলা রাঙ্গামাটির দুই সন্তান ফায়ার ফাইটার মিঠু দেওয়ান ও নিপন চাকমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে ব্রাহ্মণটিলা শ্মশানে মিঠু দেওয়ানের ও আসামবস্তি শ্মশানে নিপন চাকমার শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে সকাল আটটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ রাঙ্গামাটি শহরে নিয়ে আসা হয়।
প্রথমে তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারসহ এলাকার লোকজন। পরে নিজ বাড়ি থেকে তাদের লাশ রাঙ্গামাটি ফায়ার সার্ভিস কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের গার্ড অব অনার প্রদান করেন ।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ফায়ার ফাইটারের স্মৃতির প্রতি ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন। শেষকৃত্যের জন্য জেলা প্রশাসন থেকে তাদের পরিবারের হাতে দশ হাজার টাকা ও ফায়ার সার্ভিস থেকে বিশ হাজার টাকা দেয়া হয়।
মিঠু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, মিঠু ১২ দিনের ছুটি শেষে শনিবার দুপুরে শহরের ট্রাইবাল আদাম এলাকার বাসা থেকে কুমিরায় কর্মস্থলে যোগ দেন। সেদিন রাতেই সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে কন্টেইনার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, এই ঘটনা বেদনাদায়ক, এই পেশাটাই চ্যালেঞ্জের। সব সময় আমাদের ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। কন্টেইনারে দাহ্য পদার্থ ছিল এটা জানা থাকলে হয়তো এতো প্রাণহানি হত না।



