গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ পুলিশের ভ্যান থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ ও অপহরণ মামলার আসামি সামিউল ইসলামকে (২২) পালানোর ছয় দিন পর গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের একটি বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সামিউলের বাড়ি একই উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুল হালিম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, দুই সপ্তাহ আগে গোবিন্দগঞ্জ থানায় সামিউল ইসলামের বিরুদ্ধে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার শ্বশুর মামলা করেন। পরে পুলিশ সামিউলকে চাঁদপুর থেকে গ্রেফতার ও তার অপহৃত শ্যালিকাকে উদ্ধার করে।

পুলিশ ভ্যানে সামিউল ও তার শ্যালিকাকে গোবিন্দগঞ্জ থানায় নেয়ার পথে হাতকড়াসহ সামিউল দৌড়ে পালিয়ে যায়। ছয় দিন পর তাকে গ্রেফতার করা হলো।

তিনি আরো জানান, পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় আসামির বিরুদ্ধে আরো একটি মামলা দেয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আসামির বিরুদ্ধে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।