চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো পার্বত্য জেলা রাঙ্গামাটির দুই সন্তান ফায়ার ফাইটার মিঠু দেওয়ান ও নিপন চাকমার শেষকৃত্য গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণটিলা শ্মশানে মিঠু দেওয়ানের ও আসাম বস্তি শ্মশানে নিপন চাকমার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ রাঙ্গামাটি শহরে নিয়ে আসা হয়।
দুইজনের লাশ রাঙ্গামাটি আনার পর প্রথমেই তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মিঠু দেওয়ানের লাশ শহরের বনরূপা ট্রাইবাল আদাম এলাকায় এবং নিপন চাকমার লাশ কলেজগেট সুদীপ্তা দেওয়ান সড়কের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের কান্নায় পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়ে। সহকর্মী ও প্রতিবেশীরা নীরবে চোখের জলে এই ফায়ার ফাইটারদের শেষ বিদায় জানায়।
তাদের নিজ বাসা থেকে পরবর্তী সময়ে দুইজনের লাশ রাঙ্গামাটি ফায়ার সার্ভিস কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় তাদের দুইজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক মো: মিজানুর রহমান ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ফায়ার ফাইটারের স্মৃতির প্রতি ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন। এ সময় শেষকৃত্যের জন্য পরিবারের হাতে জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা ও ফায়ার সার্ভিস থেকে ২০ হাজার টাকা দেয়া হয়।
মিঠু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বলেন, মিঠু ১২ দিন ছুটি ভোগ করে শনিবার দুপুরে শহরের ট্রাইবাল আদাম এলাকার বাসা থেকে কুমিরায় কর্মস্থলে যোগ দেয়। সে দিন রাতেই সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে কনটেইনার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় সে।