রাজধানীর দোহারে বটতলায় এক বৃদ্ধাকে ফেলে রেখে গেছেন তার স্বজনরা।

সোমবার রাত নয়টার দিকে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের খেয়াঘাট সংলগ্ন বটতলা থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই বৃদ্ধা বাজার কমিটির তত্ত্বাবধায়নে একটি ঘরে আশ্রিত রয়েছেন।

জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ওই বৃদ্ধাকে বাজারের বটতলায় দেখতে পান বাজারের নৈশপ্রহরী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জানান, বৃদ্ধাকে তার ভাতিজা বেড়ানোর কথা বলে এখানে ফেলে রেখে চলে যায়। বৃদ্ধা তার ভাতিজার নাম আব্দুল হাই বলে জানান। বৃদ্ধার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায় এতটুকু বলতে পারেন। নদীর পাড়ে ভাতিজার একটি কাপড়ের দোকান আছে এমন তথ্য দিয়েছেন তিনি। আর তেমন কিছুই বলতে পারছে না। তার গায়ে প্রচণ্ড জ্বর থাকায় দোহার উপজেলা হাসপাতালে চিকিৎসক দেখানোর পর রাতেই বাজারে একটি ঘরে আনা হয়েছে। ওই ঘরে শ্যামলী সরকার নামে এক নারী থাকেন। তিনি আপাতত বৃদ্ধার দেখাশোনা করছেন।

জয়পাড়া বাজার কমিটির কোষাধ্যক্ষ দেওয়ান শাহজাহান জানান, রাতে বৃদ্ধাকে পাওয়ার পর নৈশপ্রহরী কমান্ডার আমাদেরকে জানালে আমরা তাকে জয়পাড়া বাজারের একটি ঘরে রাখার ব্যবস্থা করি। কিন্তু বৃদ্ধা বাড়িতে যাওয়ার জন্য বারবার আকুতি করছেন। তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন।

বৃদ্ধার পরিচয় জানেন এমন ব্যক্তিদের নৈশপ্রহরী কমান্ডারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল: ০১৭১৮ ৭৫৭৪৩৫, আনোয়ার হোসেন।