নেশার টাকা জোগাড় করতে মাদকাসক্ত বাবা তার দেড় বছরের শিশু সন্তান আব্দুল্লাহকে বিক্রি করে দেয় মাত্র ২০ হাজার টাকায়। ঘটনাটি চাঁদপুর জেলার মতলবের। পরে শিশুটির মা মতলব দক্ষিণ থানায় বিষয়টি জানানোর পর পুলিশ শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং গত সোমবার রাতে আব্দুল্লাহকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।
জানা যায়, মতলব দক্ষিণ পৌরসভার বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা মাদকসেবী ইমরান হোসেন গত ৪ জুন স্ত্রীর কাছ থেকে শিশু আব্দুল্লাহকে নিয়ে ঘুরতে বের হয়। পরে ইমরান তার শিশুটিকে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে।
এ দিকে সন্তানকে না পেয়ে মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানায় এসে পুলিশকে জানান। থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তাকে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
পুলিশ জানায়, শিশুটির বাবা এ ঘটনার পর থেকে পলাতক। আগে থেকেই তিনি স্ত্রী-সন্তানের তেমন খোঁজ-খবর রাখেন না। স্ত্রী লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান।