নওগাঁর মান্দায় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যায়নরত এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কলেজছাত্রসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনগণ।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাঘারে পাঠানো হয়।

আটকরা হলেন মান্দা উপজেলার বড়পই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আকাশ হোসেন(১৯), কয়াপাড়া গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে রনি (১৯) ও একই এলাকার নুরুজ্জামানের ছেলে সোহান বাবু (২০)। তবে, রনি ও সোহান বাবু মান্দার সাতবাড়িয়া বিএম কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তিনজন যুবক ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশাতে তুলে নেয়ার চেষ্টাকালে স্থানিয়রা তিনজনকে আটক করে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে সোর্পদ করেন।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কমিউনিটি ক্লিনিকের মোড়ে তিনজন যুবক শিক্ষার্খীকে ধরে গাড়িতে ওঠানোর চেষ্টা করলে ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে বিদ্যালয় শিক্ষকদের কাছে সোপর্দ করেন।

তিনি আরো বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিককে অবহিত করা হয়। পরে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

জিজ্ঞাসাবাদে তিন যুবক নিজেদের দোষ স্বীকার করায় আকাশ হোসেনকে ২০ দিন, রনি ও সোহান বাবুকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।