ময়মনসিংহের ভালুকা পৌরসভার জনগুরুত্বপূর্ণ টিএন্ডটি সড়ক সংস্কার কাজ শুরুর তিন বছর পার হতে চললেও ড্রেন নির্মাণসহ বিভিন্ন কাজ এখনো সম্পন্ন হয়নি। এতে দু’টি ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দাসহ যানবাহন ও পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগ মধ্যদিয়ে চলাচল করতে হচ্ছে।
জানা যায়, পৌরসভার টিএন্ডটি সড়ক ও পনাশাইল সড়কে বিশ^ব্যাংকের অর্থায়নে পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫৭০ মিটার রাস্তা ও ৩৮০ মিটার ড্রেনের জন্য চার কোটি ২৫ লাখ ৮২ হাজার ১১০ টাকা বরাদ্দ দেয়া হয়। ২০১৯ সালের ১০ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহিবুল হক কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। কিন্তু পনাশাইল সড়কের কাজ শেষ করা হলেও গত তিন বছরে টিএন্ডটি সড়কের কাজ শেষ করা হয়নি। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে সম্প্রতি ড্রেনের কাজ শেষ করা হলেও কার্পেটিং কাজ না করে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। ফলে বর্ষায় রাস্তাটি হাঁটু পর্যন্ত কাদাজলে একাকার হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্য দিয়ে এলাকাবাসী ও যানবাহনকে চলাচল করতে হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহিবুল হক জানান, তিনি অনেক আগেই ড্রেনের কাজ শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে বিল তুলে নিয়ে গেছেন।
ওয়ার্ড কাউন্সিলর শাহাবউদ্দিন খান জানান, তিন বছর আগে টিএন্ডটি সড়কে শুধু আরসিসি ড্রেনের টেন্ডার হয় এবং এরই মধ্যে কাজ শেষ হয়েছে। কার্পেটিং কাজের টেন্ডার প্রক্রিয়াধীন। এ বিষয়ে মেয়রকে অনেকবার বলা হয়েছে; কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
ভালুকা পৌর মেয়র ডা: এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম জানান, টিএন্ডটি সড়কের ড্রেনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং কার্পেটিং কাজের টেন্ডারের জন্য প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, চলতি বর্ষায় জনসাধারণের চলাচলে সুবিধার জন্য ইটের খোয়া ব্যবহার ও পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



