নরসিংদীর মনোহরদীতে মোহাম্মদ রাকিব (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাকিবের বাবা সিরাজ উদ্দিন এবং চাচাতো বোন পাপ্পি গুরুতর আহত হয়েছেন। নিহত রাকিব একটি কোম্পানির গাড়িচালক ছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সাইফুল ইসলাম (২২), তার মা নাছিমা বেগম (৪০) এবং খালা তাছলিমা বেগমকে (৩৮) আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকিবের ছোট বোন তামান্না এবং আসামি তাছলিমার মেয়ে নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে। গত রোববার মাদরাসা থেকে ফেরার পথে তামান্না খেলার ছলে নাদিয়ার গায়ে চুলকানির পাতা, চোরতা লাগিয়ে দেয়। পরে নাদিয়া বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে নাদিয়ার মা তাছলিমা ক্ষিপ্ত হয়ে তামান্নার বাড়িতে এসে গালাগাল করে।
পরদিন (সোমবার) রাত ১০ টার দিকে তাছলিমা, তার বোন নাছিমা এবং ভাগিনা সাইফুল ধারালো অস্ত্র নিয়ে বাড়ির পাশে সিরাজ উদ্দিনের দোকানে এসে পুনরায় গালাগাল করতে থাকে। তাদের গালাগালে সিরাজের ছেলে রাকিব ও ভাতিজি পাপ্পি আক্তার ঘটনাস্থলে এলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল উত্তেজিত হয়ে সাথে রাখা ছুরি দিয়ে পাপ্পির পেটে আঘাত করে। এটা দেখে পাপ্পিকে রক্ষা করতে সাইফুলের হাত ধরতে যায় রাকিব। এ সময় নাছিমা এবং তাছলিমা রাকিবকে ঝাপটে ধরলে বুকে উপর্যুপরি আঘাত করে সাইফুল। রাকিবকে বাঁচাতে তার বাবা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পিকে সেখানে ভর্তি করেন এবং রাকিব ও সিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকায় নেয়ার পথে রাকিব মারা যান।
মনোহরদী থানার ওসি মো: ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় নিহত রাকিবের মা রেনুজা খাতুন বাদি হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাদের গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
মনোহরদীতে ছুরিকাঘাতে যুবক খুন : জখম ২
নরসিংদীর মনোহরদীতে মোহাম্মদ রাকিব (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়...



