তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে মায়ের নির্দেশে জনসম্মুখে প্রতিপক্ষকে গুলি করার চেষ্টাকালে সুমন সরকার (২২) নামে এক যুবককে গণধোলাই দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টায় তাকে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক যুবক সাতাইশ চৌরাস্তা বাজারের মাছ ব্যবসায়ী সোহরাব হোসেন ও সুমি আক্তারের ছেলে। তারা স্থানীয় সাতাইশ ইউসুফ মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্ধী থানার কুড়িকাহনিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রাজনগর খালে গোসল করাকে কেন্দ্র অস্ত্রধারী সুমনের ছোট ভাই শুভর সাথে এলাকার কয়েকজন কিশোরের মারামারি হয়। শুভ ঘটনাটি তার মা সুমি আক্তারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের কিশোরদের গালাগাল করেন এবং প্রতিশোধ নিতে তার বড় ছেলে সুমন নিয়ে ঘটনাস্থলে নিয়ে যান।

সুমন ঘটনাস্থলে পৌঁছেই কয়েকশ’ লোকের সামনে ‘আমি যুবলীগ নেতা টুটুল মাহমুদ ভাইয়ের লোক’ বলেই গামছায় পেঁচানো পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়। এ সময় উপস্থিত জনতা চারদিক থেকে সুমনকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, দুই রাউন্ড গুলি ভর্তি ‘মেড ইন ইউএস’ লেখা অত্যাধুনিক একটি পিস্তলসহ সুমনকে আটক করা হয়েছে। জনতার পিটুনিতে আহত সুমনকে স্থানীয় একটি প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।