হাজারো মানুষের ঢল নেমেছে ফায়ারম্যান এমরান হোসেন মজুমদারের নামাজে জানাজায়। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদারের (৪০) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীম উদ্দীনের তত্ত্বাবধানে সোমবার দিবাগত রাতে কুমিল্লা থেকে নিহত এমরান হোসেন মজুমদারের লাশ চাঁদপুরে নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। নামাজে জানাজার আগে এমরান হোসেন মজুমদারকে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে উদ্ধারকাজে যান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার। তবে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত হন তিনি। পরে পরিবারের লোকজন সেখানে গেলেও লাশ শনাক্ত করতে না পারায় আনতে পারেননি। তবে সোমবার ডিএনএ পরীক্ষা শেষে রাতেই লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয় নিহতের পরিবার।