দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয়ের পাঁচটি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল শিট গায়েবের ঘটনা ঘটেছে। ফলে নিয়োগ পরিক্ষার ফলাফল সংক্রান্ত কোনো তথ্যই প্রার্থীদের দিতে পারছেন না বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বলছেন, তাদের কাছেও ফলাফল সংক্রান্ত কোনো তথ্য নেই।
জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতিকে বার বার ফোন করা হলেও তারা ফোন ধরছেন না।
তবে ডিজির প্রতিনিধি আব্দুল খালেক বলছেন, ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের হাবিবুর রহমান রিপন নামে একজন আওয়ামী লীগ নেতার কাছে ফলাফল শিট রয়েছে। তার কাছ থেকে ফলাফল শিট সংগ্রহ করার জন্য প্রার্থীদের পরামর্শ দিয়েছেন তিনি।
গত সোমবার (৬ জুন) নবাবগঞ্জের মতিহারা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বোর্ডটি বসানো হয় বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। নিয়োগের আগেই ৭০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে পাতানো নিয়োগ বোর্ড স্থগিত চেয়ে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন প্রার্থীরা।



