জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে মারাত্মকভাবে শিক্ষক সঙ্কট দেখা দিয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।
জানা যায়, ওই স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা ৬৩৫ জন। স্কুলশিক্ষকের পদ ২৫ জনের স্থলে আছে মাত্র ৯ জন। এত কম সংখ্যক শিক্ষক দিয়ে ৬৩৫ জন শিক্ষার্থীদের পড়াশোনা করানো মারাত্মক অসুবিধা। শিক্ষার্থীদের লেখাপড়ায় এসব অসুবিধার কথা ভেবে হতাশ হয়ে পড়েছেন অভিভাবকরা।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা স্বীকার করে বলেন, আমি এ স্কুলে এক বছর চার মাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। অনেক আগে থেকে এ স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমি বর্তমানে বদলি হয়ে সুনামগঞ্জ সরকারি হাইস্কুলে যোগদান করেছি।
তিনি বলেন, ওই স্কুলে ২৫ জন শিক্ষক থাকার কথা কিন্তু শিক্ষক আছেন মাত্র ৯ জন। তাতে মানসম্মত পড়াশোনা করানো প্রায় অসম্ভব।
দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা জানান, ওই স্কুলের শিক্ষক সঙ্কটের কথা ইতোমধ্যেই জেনেছি। মানসম্মত শিক্ষার্থী তৈরি করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক থাকা জরুরি। তিনি জানান, এ ব্যাপারে আমার কোনো হাত নেই।



