কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের আয়লা এলাকায় সড়কে প্রাণ গেল জান্নাত (৭) নামের এক শিশু শিক্ষার্থীর। বাড়ির পাশের রাস্তায় অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে সে।
বুধবার দুপুরে করিমগঞ্জ-চামটা বন্দর সড়কের আয়লা বড়বাড়ি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত আয়লা বড়বাড়ির ব্যবসায়ী আবুল বাশারের একমাত্র মেয়ে ও করিমগঞ্জ পৌর এলাকার বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, কিন্ডারগার্টেন ছুটি শেষে জান্নাত একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি তাকে বাড়ির সামনের রাস্তায় নামিয়ে দেয়। রাস্তা পার হওয়ায় সময় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুত গতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে বুকে গুরুতর আঘাত পায় জান্নাত। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।



