ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন রাঙ্গামাটির বিচারিক আদালত। বুধবার দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে মামলাটি তোলা হলে আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।
রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাত কার্যদিবসের মধ্যে উপস্থিত হওয়ার শর্তে আসামিকে জামিন দেয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী বিপ্লব চাকমা বলেন, আসামির সামাজিক মর্যাদা ও সাংবাদিকতার বিষয়টি আদালতকে অবহিত করা হলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।



