রাস্তায় সাইড না দেয়াকে নিয়ে লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অন্তঃসত্ত্বা নারী ও স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে পৌরসভার নুড়িগাছতলা এলাকায় ঘটনাটি ঘটে। আহত নাছিমা ও সালাউদ্দিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্তঃসত্ত্বা নাছিমা আক্তার (২৫) সদর উপজেলার পশ্চিম সহিদপুর গ্রামের সালাউদ্দিনের স্ত্রী। নাসিমা লাহারকান্দি ইউনিয়নের বাইশমারা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত আছে। অপর দিকে সালাউদ্দিন (৩১) একই এলাকার সহিদ উল্লাহর ছেলে। অভিযুক্ত ইমন হোসেন পৌরসভার লাহারকান্দি গ্রামের মো: জাহাঙ্গীরের ছেলে ও স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ কর্মী।
হাসপাতালে আহত অবস্থায় নাছিমা আক্তার বলেন, স্বামীর মোটর সাইকেলে করে বিকেলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমাদের গাড়ি বাইশমারার সমর উদ্দিন বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক ইমন (অভিযুক্ত) আমার স্বামীকে কিলঘুষি দিতে থাকে। পরে স্থানীয় লোকজন ঝগড়া থামিয়ে উভয়কে মিলমিশ করে দেয়। তাতেও শান্ত হয়নি ইমন। অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন আমাদের।
পরবর্তীতে আবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি আমরা, কিন্তু ইমন মোটর সাইকেল নিয়ে আমাদের পেছনে পেছনে আসতে থাকে। মোটর সাইকেলটি পৌরসভার নুড়িগাছতলা এলাকায় আসলে ইমন ও তার সাথে থাকা ৭-৮ জন আমাদের লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এতে আমার পেট ও শরীরে মারাত্মক আঘাত লাগে। সালাউদ্দিনের মাথা, পাসহ পুরো শরীরে মারধর করা হয়। তা ছাড়া ইমনরা আমার ব্যাগে থাকা নগদ ৬৮ হাজার টাকা ও কানের দুল এবং গলার চেইন নিয়ে যায়। তবে ইমনকে ছাড়া বাকিদের চিনতে পারিনি। নাসিমার ভাই জহির উদ্দিন বলেন, মোটর সাইকেল সাইড দেয়াটা হচ্ছে একটা অজুহাত মাত্র। মূলত, নাছিমা ব্যাংকে চাকরি করে, ওর কাছে সবসময় নগদ টাকা ও স্বর্ণের গহনা থাকে। পরিকল্পিতভাবে তা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হামলা করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আসামি করে থানায় মামলা করা হবে। তবে অভিযোগের বিষয়ে পৌরসভার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগকর্মী ইমনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বাকে পেটাল ছাত্রলীগ কর্মী
রাস্তায় সাইড না দেয়াকে নিয়ে লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অন্তঃসত্ত্বা নারী ও স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার...



