ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দফায় ভারতে আরো ৮২ টন এলপি গ্যাস রফতানি হয়েছে। গতকাল দুপুর ১২টায় এলপি গ্যাস বোঝাই পাঁচটি ট্যাংক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এসব গ্যাসের রফতানিকারক প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।
এর আগে গত ৩১ মে দু’টি ট্যাংকে করে প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় ৩৫ টন এলপি গ্যাস রফতানি করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। রফতানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজ।
সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহসীন আহমেদ সরকার জানান, রফতানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে তার প্রতিষ্ঠান। তিনটি প্রতিষ্ঠান এ বন্দর দিয়ে গ্যাস রফতানি করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর একেকটি ৫০ হাজার টন করে এলপি গ্যাস রফতানি করবে।
গ্যাস রফতানির জন্য কোনো শুল্ক পায়নি আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ ট্যাংকারের ওজন, অবস্থান ও প্রবেশ ফি এবং ভ্যাট হিসেবে প্রত্যেকটি ট্যাংক থেকে ৪৭৯.৬১ টাকা করে পেয়েছে বলে জানান স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো: জাকির হোসেন।