টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সভাপতি ড. মোহাম্মদ কোরবান আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। মাদরাসার সাংস্কৃতিক দশক-২০২২ এর আহ্বায়ক প্রভাষক আবুল হাসান মো: ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ড. মাওলানা মোয়াজ্জেম হোসেন আল আজহারী, ছাত্রপ্রতিনিধি মোহাম্মদ মেজবাহ উদ্দিন শাওন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. কোরবান আলী বলেন, পৃথিবী হলো প্রতিযোগিতার জায়গা। প্রতিযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। সব কাজ আল্লাহর নির্দেশ মতো করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো কাজে প্রতিযোগিতায় সফল হতে হবে। এই প্রতিযোগিতায় পরকালীন মুক্তি যেন চূড়ান্ত সফলতা এনে দেয় সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। মাদরাসা শিক্ষিতরা কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে নৈতিকতা সম্পন্ন মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে নৈতিকতার খুবই অভাব। সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি, অন্যায়, অবিচার তথা সব অনাচার নির্মূল করার লক্ষ্যে একদল যোগ্য নাগরিক তৈরি করতে হবে। যারা নেতৃত্ব দিয়ে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে এবং দুনিয়া ও আখিরাতে সফলতা বয়ে আনবে। সে লক্ষ্যেই তা’মীরুল মিল্লাত মাদরাসা প্রতিষ্ঠা হয়েছিল।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো আলেম ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হতে হবে। রোজ হাশরে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আরশের ছায়ার নিচে যাতে আশ্রয় মিলে সে জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুনিয়ার এই অস্থায়ী জীবনকে হেদায়েতের পথে পরিচালিত করতে হবে।