সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে আফজাল হোসেন (২৬) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পৌর শহরের এলপি গ্যাস ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে টিকরবাড়ির পাশে এলপি গ্যাস ফিল্ডের দেওয়ালে উঠতে চাইলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।