মহানবী সা: সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল জনতা পার্টির (বিজেপি) দুই মুখপাত্রের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে টঙ্গীতে লাখো মুসল্লির বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে তিন দফা দাবি ঘোষণা করেছেন গাজীপুর জেলা হেফাজতে ইসলামের আমির মুফতি মাসউদুল করীম।

শুক্রবার গাজীপুর, টঙ্গী কলেজ গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এ দেশের ১৮ কোটি মানুষের তরফ থেকে নিন্দা জানাতে হবে, সংসদ অধিবেশন ডেকে নিন্দা প্রস্তাব পাস করতে হবে এবং ভারতকে রাষ্ট্রীয়ভাবে নিঃশর্ত ক্ষমা ও মহানবী সা:-কে অবমাননাকারী বিজেপির দুই মুখপাত্র নূপুর শর্মা ও নভিন জিন্দালকে ফাঁসি না দেয়া পর্যন্ত ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রাখতে হবে।

বুধবারের মধ্যে এসব দাবি পূরণ না হলে রাজধানীর প্রবেশ মুখ টঙ্গীতে ১০ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে টঙ্গীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টঙ্গীর কলেজ গেট সমাবেশস্থলে সমবেত হন। সমাবেশে টঙ্গীর বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিবগণ বক্তব্য দেন। এছাড়া পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোড বাসস্ট্যান্ড, টঙ্গী বাজার, সাতাইশ চৌরাস্তা, মুদাফা, বিসিক ফকির মার্কেট, রেল স্টেশনসহ টঙ্গীর আটটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপরদিকে গাজীপুর রাজবাড়ি সড়ক, চান্দনা চৌরাস্তা, কাশিমপুর, কোনাবাড়ী, ভোগড়া বাইপাস, মালেকের বাড়ি, সাইনবোর্ড, বোর্ডবাজার, বড় বাড়িসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।