টঙ্গীতে ২০ ভরি স্বর্ণ ও ৮০ হাজার ৭০০ টাকাসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এক বাসযাত্রীর ব্যাগ ছিনিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
আটক ছিনতাইকারীর নাম সাদিকুল ইসলাম (৩৪)। তিনি বি-বাড়িয়া জেলার নবীনগর থানার ফতেহপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইসরাফিল নামের একজন স্বর্ণ ব্যবসায়ী প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ২০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার ৭০০ টাকা একটি হাতব্যাগে করে উত্তরা থেকে নিজ বাসায় ফেরার সময় টঙ্গী বাজার হোন্ডা রোডের মাথায় ছিনতাইকারী তাকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আব্দুল্লাপুরের দিকে দৌড়ে পালাতে থাকে। ছিনতাইকারীর ঘুষিতে তিনি নাকে-মুখে মারাত্মক আঘাত পেয়ে চিৎকার করতে করতে ছিনতাইকারীকে ধাওয়া করছিলেন।
এ সময় টঙ্গী পশ্চিম থানার টহল পুলিশ তাকে সাহায্যের জন্য এগিয়ে যায় এবং পথচারীদের সহায়তায় স্বর্ণলঙ্কার ও টাকাসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, এ ঘটনায় ইসরাফিল থানায় একটি মামলা করেছেন। ছিনতাইকারী সাদিকুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।



