টঙ্গীতে ২০ ভরি স্বর্ণ ও ৮০ হাজার ৭০০ টাকাসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ধৃত ছিনতাইকারীর নাম সাদিকুল ইসলাম (৩৪)। সে ব্রহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ফতেহপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার রাতে একজন বাসযাত্রীর ব্যাগ ছিনিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশের হাতে ধরা পড়েন সে।
টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ইস্রাফিল নামের একজন স্বর্ণ ব্যবসায়ী প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ২০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার ৭০০ টাকা একটি হাতব্যাগে করে রাজধানীর উত্তরা থেকে বাসে টঙ্গী বাজারের বাসায় ফিরছিলেন। তিনি রাত সাড়ে ৮টায় টঙ্গী বাজার হোন্ডা রোডের মাথায় বাস থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি কিল ঘুষি দিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে উত্তরা আব্দুল্লাপুরের দিকে দৌড়ে পালাতে থাকে। ছিনতাইকারীর ঘুষিতে তিনি নাকে-মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে চিৎকার করছিলেন এবং ধর ধর করে ছিনতাইকারীকে ধাওয়া করছিলেন। এ দৃশ্য দেখে টঙ্গী পশ্চিম থানার টহল পুলিশ তাকে সাহায্যের জন্য দৌড়ে এগিয়ে যায় এবং পথচারীদের সহায়তায় ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় ওই ছিনতাইকারীর কাছ থেকে বর্ণিত স্বর্ণলঙ্কার ও টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম বলেন, এ ঘটনায় ইস্রাফিল বাদি হয়ে থানায় মামলা করেছেন। ছিনতাইকারী সাদিকুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।
টঙ্গীতে টাকা এবং ২০ ভরি স্বর্ণসহ ছিনতাইকারী আটক
টঙ্গীতে ২০ ভরি স্বর্ণ ও ৮০ হাজার ৭০০ টাকাসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ধৃত ছিনতাইকারীর নাম সাদিকুল ইসলাম (৩৪)। সে ব্রহ্মণবাড়িয়া জেলার নবীনগর...



