ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ যত দ্রুত সম্ভব চালু করা হবে, এ নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো: হুমায়ুন কবীর।
শনিবার আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেসে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পরিদর্শন করছি। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে। পরে রেল সচিব ড. মো: হুমায়ুন কবীর মহানগর এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা যান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রমুখ।



