ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত আলোচিত বাবুল (৫৫) হত্যা মামলার প্রধান আসামি নূরুল ইসলামসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ভোররাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পরে র্যাব আসামিদের গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করলে শনিবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় একটি বাড়িতে আসামিরা অবস্থান করছিলেন। তাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে র্যাবের একটি দল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে নূরুল ইসলাম (৫৫), মো. সুবল (২০) ও সুমন মিয়া (২৮) কে গ্রেফতার করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে গফরগাঁও থানা পুলিশের কাছে গ্রেফতারকৃতদের হস্তান্তর করে র্যাব। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।



