শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর প্রচার-প্রচারণায় বাধা ও ভোটকেন্দ্রে উপস্থিত না হতে রাসেল খান নামে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকিপ্রাপ্ত সমর্থক জাহিদ মাদবর জেলা রির্টানিং অফিসার ও জাজিরা থানা বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগটি ওঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুদ্দুস বেপারী ও তার সমর্থকের বিরুদ্ধে।
শনিবার ইউনিয়নের জানখারকান্দি গ্রামের নিজ বাড়িতে রাসেল খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয়টি স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান।
অভিযোগের বিষয়ে কুদ্দুস বেপারী বলেন, কে বা কারা ফোনে হুমকি দিয়েছে আমার জানা নেই। তবে আমার কোনো লোক হুমকি দেয়নি। এটা উদ্দেশ্য প্রণোদিত।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, আগামী ১৫ জুন জাজিরা উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৮ জন চেয়ারম্যান পদে, ১৮৮ জন সদস্য পদে ও ৬১ জন সংক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে কোনো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না।