বরগুনার বেতাগী উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ২০ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে কাজিরাবাদ নতুন ইউনিয়ন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় শাহিন, হাদিস, রনি, রশিদ খান, আল-আমীন ও ওদুদ জানান, ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় নৌকার সন্ত্রাসীরা এ অতর্কিত হামলা চালায়। এতে আনসার, অ্যাডভোকেট সুমন, সেলিম, শান্ত, আলামীন, রুহুল, নবীন, জসিম গাজীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন বলেন, আমাকে এ নির্বাচন থেকে নৌকার প্রার্থী সরে দাঁড়াতে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুর সোয়া ১২টার দিকে নৌকার সমর্থকরা আমার কর্মীদের উপর অতর্কিত হামলা করে।
অভিযুক্ত নৌকার প্রার্থী সালাউদ্দিন মাহমুদ সুমন হামলার কথা অস্বীকার করেন।
এ বিষয়ে বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, আমি হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।