সিরাজগঞ্জের সলঙ্গায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই বাবলু মিয়া (৪৫) মারা গেছেন। ঘটনার পর থেকে বড় ভাই আবদুল মজিদ পলাতক রয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত বাবলু পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
সলঙ্গা থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু ও আবদুল মজিদের মধ্যে জমিসংক্রাস্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই আবদুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেছেন।