বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন আগের মতো নেই। দেশের শাসক পরিবর্তন করতে এখন মানুষ ঠিক মতো ভোট দিতে ভোটকেন্দ্রে যায় না। দেশের জনগণের মালিকানা আজ ছিনতাই হয়ে গেছে। সেই ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে ও দেশের শাসক পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকেই দরকার। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে তার দল কাজ শুরু করেছে। তবে কোনো দল বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোট করবে কি না, তা পরিস্থিতি ও সময় বলে দেবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আলহাজ এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, লেফটেন্যান্ট জেনারেল অব: মাসুদ উদ্দিন চৌধুরী, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম জহির, নাজমা আক্তার, আলমগীর শিকদার লোটন, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির উপদেষ্টা শেরিফা কাদের, জহিরুল আলম রুবেল, সাজ্জাদ রশিদ সুমন, শহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াস ও দলের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন প্রমুখ।