ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুন লেগে প্রবাসী দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার ভোরে উজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে গ্রামের প্রবাসী আব্দুল হাইয়ের ঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন প্রবাসে থাকা তার আপন ছোট ভাই কাওসার মিয়ার ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে তাদের বসতঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
টানুয়া পাড়া গ্রামের হেলাল মিয়া জানান, আব্দুল হাই সৌদি আরব প্রবাসী এবং তার ছোট ভাই কাওসার মালয়েশিয়া প্রবাসী। কয়েক মাস আগে তারা দেশে ফিরে তাদের সঞ্চিত টাকা দিয়ে দু’টি আধাপাকা বসতঘর নির্মাণ করে। আগুনে বিদেশে যাওয়ার ফিরতি টিকিটসহ সব পুড়ে গেছে। এখন ঘরে এক মুঠো চাল পর্যন্ত নেই।
আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো: মনির সারোয়ার বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুতের শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।



