বিশ্বনবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বোরবার কুষ্টিয়া শহরের বড় বাজার রেলগেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার ওলামা মাশায়েখ, মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতা।

মিছিলে অংশগ্রহণকারীদের শ্লোগানে মুখোরিত হয়ে ওঠে পুরো শহর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে কঠোর নিরাপত্তা ববস্থা গ্রহণ করা হয়। মিছিলটি এনএস রোড হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে পৌঁছালে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ভারতে মহানবী সা:-কে কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতারা একের পর এক ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী সা: এবং তাঁর পরিবার নিয়ে কটূক্তি করে সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে। বক্তারা বলেন, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিক্ষোভ শেষে দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ হয়।

বৃহত্তর কুষ্টিয়া উলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি মুক্তারুজ্জামান, মহাসচিব মুফতি রেজাউল করিম, মুফতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী।