রাজবাড়ীর পাংশায় আম খেতে গিয়ে গলায় আঁটি আটকে আসান খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আসান খান দুর্লভদিয়া গ্রামের মৃত আহম্মেদ আলী খানের ছেলে।

জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ ছ‘ বছর ধরে বাড়িতেই থাকতেন আসান খান। তিনি কোনো কাজ করতে পারতেন না। তার স্ত্রী ময়না বেগম (৫০) মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।

মৃত ব্যক্তির স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সব সময় বাড়িতেই থাকতেন। রোববার দুপুরে আমার শাশুড়ি তাকে আম খেতে দেয়। আম খাওয়ার সময় আমের আঁটি তার গলার মধ্যে চলে যায়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, খোকা আমার কাছে প্রতিদিন আম খেতে চাইত। প্রতিদিনের মতো আজও আমার ছেলেকে ছোট্ট দুটি আম খেতে দিই। আম খাওয়ার সময় আমের আঁটি গলায় আটকে যায়। এখন থেকে আমার খোকা আর কোনো দিন আম খেতে চাইবে না।