ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করা গরুর গোশত বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় কায়কোবাদ ভূঁইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলা সদরের বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

কায়কোবাদ আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে। তার চাচা আবুল কাশেম ভূঁইয়া আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

এ তথ্য নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার ভোর রাতে ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার গোয়াল থেকে একটি গরু চুরি করেন কায়কোবাদ ও তার সহযোগীরা। পরে ওই গরু জবাইয়ের পর গোশত বিক্রির জন্য তিনটি বস্তায় ভরে স্থানীয় বড়বাজারের গোশতের আড়তে নিয়ে যাচ্ছিলেন কায়কোবাদ। এ সময় সড়কে টহলরত পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরি করে আনার কথা স্বীকার করেন কায়কোবাদ।

ওসি আরো জানান, কায়কোবাদের নিকট থেকে উদ্ধার করা তিন বস্তা গরুর গোশত জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।