পটুয়াখালীর বসাক বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন মোহাম্মদ হানিফ গাজী নামে এক ইউপি সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক মো: শামীম।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বলইকাঠি গ্রামের বাসিন্দা এবং ২নং ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সী হানিফ গাজী ঘটনার সময় আমখোলার নিজ বাড়ি বলইকাঠি থেকে ভাড়া মোটরসাইকেলে জেলা শহর পটুয়াখালীতে আসার পথে এ দুর্ঘটনায় পড়েন। বসাক বাজারে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক শামীম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ইউপি সদস্য হানিফ গাজী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। চালক শামীমকে প্রথমে পটুয়াখালী মেডিক্যালে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত হানিফ গাজীর স্ত্রী ও ৮ ছেলেমেয়ে রয়েছে।