সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪৪ ধারা উপেক্ষা করে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন যুবলীগ কর্মী নাবিন মণ্ডল (৩০)। আহত যুবলীগ কর্মী উপজেলার চালা গ্রামের পত্রিকা এজেন্ট দৌলত মণ্ডলের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে সিরাজগঞ্জ ফজেতুলনেচ্ছা মুজিব বঙ্গমাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতর বাবা দৌলত মণ্ডল তিন দিন থানায় ঘুরে অভিযোগ দিতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে যুবলীগ কর্মী নাবীন মণ্ডল তার কনফেকশনারি দোকানে দোকানদারি করছিলেন। হঠাৎ বেলকুচি থানা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য আমিনুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন মুন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো দা, ছুরি, লাঠিসোটা নিয়ে অতর্কিতে তার দোকানের ভেতর গিয়ে যুবলীগ কর্মীর ওপর হামলা চালায় এবং দোকান থেকে এক লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত নাবিন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আহতর বাবা দৌলত মণ্ডল জানান, ঘটনার পর দিন থানায় অভিযোগ দিতে গেলে ওসি অভিযোগ নিতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেন মুন্না বলেন, নাবীন আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেয়ায় আমি এ বিষয়ে তার কাছে জানতে গিয়েছিলাম। এ সময় আমার ওপর ক্ষিপ্ত হওয়ায় তাকে প্রহার করেছি।