দিনাজপুরের চিরিরবন্দরে মাজেদুর রহমান (২৬) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রেলঘুণ্টি এলাকার আজিমুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন আসছিলেন। এর আগে তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি রাইসুল ইসলাম নামে এক ঠিকাদারির সহযোগী হিসেবে কাজ করছিলেন।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিনগত রাতে আমতলী বাজারে ৭/৮ জন দুর্বৃত্ত মাজেদুর রহমানকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে ঘটনাস্থল থেকে ৫টি মোটর সাইকেল জব্দ করে। এর মধ্যে একটি মোটর সাইকেল নিহত মাজেদুরের ও বাকি চারটি হামলাকারীদের। একটি প্রাইভেট কারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া এর সাথে জড়িতদের আটক করতে রাত থেকে পুলিশ অভিযান চালাচ্ছে।