নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনায় নামীয় ও বেনামী মোট সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। তবে নতুন এই মামলায় কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার বিকেলে এই মামলা দায়ের করা হয়। মামলার এজাহার নামীয় ৪৯ জন এবং অজ্ঞাতপরিচয় আরো তিন শ’ বিহারী নারী-পুরুষকে আসামি করা হয়।
মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তম্ময় মণ্ডল এ মামলাটি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে নিশ্চিত হয়ে যারা এ সংঘর্ষে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আসামি করা হয়েছে।
মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিষয়ে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অনেকের নাম-ঠিকানা জানা যায়নি এবং অনেককে চিহ্নিত করা সম্ভব হয়নি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেলে মামলায় সংযুক্ত করা হবে। তবে এ ঘটনায় কোনো সাধারণ মানুষ ও নিরীহ কাউকে জড়ানো হবে না। এখন পর্যন্ত এ মামলায় কোনো আসামি গ্রেফতার করা হয়নি।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন নয়ন (২৩), আরমান (৩৫), লাল বাবু (২৩), আরমান (৩৫), গফুর ভাণ্ডারী (৪৮), আকরাম (৩৭), জসিম (২৮), হৃদয় (২০), সোহেল (২৩), সাগর (২৫), রাকিবুল হাসান রাকিব (২৫), কাল্লু (৩৫), রকি (২৫) বাট্টু (২৭), আমির হোসেন (৪৭), মিঠুন (২৬), শহিদ (৪০), সামাদ (৪৫), মিজান (২২), শাহনেয়াজ (৩২), ইরফান, জামালু (৪৮), ফারুক (৩৬), শাহআলম (৩২), হানিফ (৪২), ওয়াহিদ (১৯), সেলিম (৩২), মান্না ওরফে মান্নান (৩৮), নাহিদ (২৮), তোহা (৩০), চেচেন আসলাম (৪৭), আতা শামিম (৩৭), বাবলা (২৬), সুমন ওরফে শ্যামল, মো: লিটন (৩২), ওয়াসিম (৪৫), আল আমিন (২৪), তারা মিয়া (৩৫) মুন্না মেম্বার ওরফে লেবার মুন্না, আমির হোসেন (৫২), ইমন (২২), সাজু (২৭), নাদিম মাহবুব (৩০), শওকত (৩০), শাহজাদা (৩০), চুন্নি (৩৮), আসমা বেগম (৫০), মোস্তাক (৩২)।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক আদমজী বিহারী কলোনি এলাকার একটি মসজিদে হামলার শিকার হন। এ ঘটনায় করা মামলায় রোববার রাতে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করে পুলিশ।
পুলিশের এই গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকাল থেকে আদমজী-চাষারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিহারী কলোনির বাসিন্দারা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় অর্ধশতাধিক টিয়ারশেল ও কয়েক শ’ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও র্যাবের সাথে সংঘর্ষে বিহারী ক্যাম্পের অন্তত ২৫ জন আহত হয়েছেন।



