দিনাজপুরের নবাবগঞ্জে একটি ডোবা থেকে মনিরুল ইসলাম (৪৫) নামে এক মাদরাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কুশদহ ইউনিয়নের মাহালীপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের কালিপুর এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ভলকা দাখিল মাদরাসার শিক্ষক।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পথে মনিরুল ইসলাম মাহালীপাড়ার একটি পানি ভর্তি ডোবায় পড়ে যান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে লাশ উদ্ধার করা হয়। সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ওই শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।