বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সদস্য ও পাইকগাছা উপজেলা শাখার সহ-সভাপতি বাপ্পারাজ মোড়লের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে বহিষ্কার করা হয়।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ পাইকগাছা উপজেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। পাইকগাছা উপজেলা শাখার ওই কমিটিতে বাপ্পারাজ সহ-সভাপতির দায়িত্ব পান। জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সে কমিটির কথা জানানো হয়।
মঙ্গলবার বিকেলে স্থানীয় এক গণমাধ্যমকর্মী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করেন, যাতে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতা বাপ্পারাজকে মরণ নেশা ইয়াবা সেবন করতে দেখা যায়। ওই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে ভিডিওটি খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে ওই দিন সন্ধ্যায় জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।



