গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় দিনল কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভবন কর্তৃপক্ষ দাবি করেছেন।

বুধবার সকাল ৭টার দিকে ওই ভবনের চতুর্থ তলায় অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানার কাটিং সেকশনে এ ঘটনা ঘটে।

কারখানার মানব সম্পদ কর্মকর্তা মো: আব্দুর রহমান জানান, কারখানার নিরাপত্তা রক্ষীরা প্রতিদিনের ন্যায় এদিন সকাল সাড়ে ৭টায় কারখানার প্রতিটি ফ্লোরের গেট খুলে দিচ্ছিলেন। এ সময় চতুর্থ তলায় কাটিং সেকশন থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে পুরো চতুর্থ তলা ভস্মীভূত হলেও অন্যান্য ফ্লোর অল্পের জন্য রক্ষা পায়।

বুধবার বিকেলে এ বিষয়ে ভবনের ম্যানেজার শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারখানার কর্মকর্তারা ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিধিদের সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ করছেন। তবে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তারা ধারণা করছেন। কারখানাটি চালুর আগে সকাল বেলা আগুনের সূত্রপাত হওয়ায় আগুনের কারণ বলতে পারছেন না কেউ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুনের খবর পেয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে যান এবং টঙ্গী, জয়দেবপুর ও গাজীপুর স্টেশনের মোট পাঁচটি ইউনিট প্রায় পৌনে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।