মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পা বিচ্ছিন্নসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। ঘটনার পর পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের শংকরদি সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেনপুর ইউনিয়নের শংকরদি সরকারি বিদ্যালয়ে ভোটকেন্দ্রের পুকুরপাড়ে ভ্রাম্যমাণ বেলুন বিক্রির দোকানে ভিড় করে শিশু-কিশোররা। বেলুনে গ্যাস দেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান দোকানি। এ সময় পা বিচ্ছিন্নসহ আহত তিনজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪০০ মিটার দূরে উড়ে হেমায়েত বেপারীর বাড়িতে গিয়ে পড়লে ঘর ক্ষতিগ্রস্তসহ আহত হয় আরো দুইজন।