সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুরাতন সাতক্ষীরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়।
চাঁদাবাজির মামলার এজাহার বিশ্লেষণ ও অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশ চমকপ্রদ তথ্য। বিবাদ মীমাংসার উদ্যোগ নিয়ে জনৈক ইমাদুল ইসলামের রোষানলে পড়েছেন সাতক্ষীরা পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবন নির্মাণে পৌর আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে সম্প্রতি সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পৌরসভার রাজার বাগান পূর্বপাড়া গ্রামবাসী। এই মানববন্ধনের দু’দিন পরই ইমাদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে পৌর কাউন্সিলর নান্টার সাথে বিষয়টি মীমাংসার জন্য যোগাযোগ করা হয়। ইমাদুল ইসলামের পরিবারের ইতিবাচক সাড়া পেয়ে কয়েকদিন আগে পৌর কাউন্সিলর নান্টা দু’পক্ষকে নিয়ে সালিসে বসেন। মঙ্গলবার রাতে পৌর কাউন্সিলর নান্টা পৌরসভার প্যাডে ওই সালিসনামা লিখে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর করিয়ে প্রথম পক্ষকে পুরাতন সাতক্ষীরার হাটখোলা মোড়ে ইমাদুল ইসলামের ফার্মেসিতে নিয়ে যান। এ সময় ইমাদুল ইসলাম সালিসনামায় স্বাক্ষর করবেন না মর্মে হুমকি দেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করে ক্ষমতা থাকলে কিছু করে নিতে বলেন।